প্রকাশিত: Tue, Nov 28, 2023 6:40 AM
আপডেট: Mon, Sep 21, 2026 10:48 PM

[১]হঠাৎ মাঠে নেমেছে নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীর রাজধানীর বিভিন্ন অলিগলি ছেয়ে গেছে পোস্টারে

আমিনুল ইসলাম:[২] দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর সক্রিয় হয়ে উঠেছে। আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সতর্কতার মধ্যেই সংগঠনটি রাজধানীতে বিভিন্ন এলাকায় দেয়ালে রঙিন পোস্টার সেঁটেছে। 

[৩] এই পোস্টারে একটি বাক্যে তারা বলেছে ‘হে দেশবাসী! যালিম হাসিনার বিকল্প নয় মার্কিন দালাল বিএনপিগোষ্ঠী’। এছাড়া হিযবুত তাহরীরকে খেলাফত প্রতিষ্ঠায় নুসরাহ্্ (ক্ষমতা) প্রদান করতে সামরিক অফিসারদের নিকট দাবি  তোলারও আহ্বান জানানো হয়েছে এই পোস্টারে।

[৪] অন্য আরেকটি পোস্টারে বলা হয়েছে,  হে সামরিক বাহিনীর অফিসারগণ! ইসরা ও মিরাজের পণ্যভূমি ফিলিস্তিনকে মুক্ত করা আপনাদের ঈমানী দায়িত্ব। একমাত্র খিলাফত রাষ্ট্রের অধীনে সামরিক অভিযানের মাধ্যমেই ফিলিস্তিনের পবিত্র ভূমি মুক্ত হবে।

[৫] গত শুক্রবার (২৪) নভেম্বর রাজধানী ঢাকার গোপিবাগ, আরকে মিশন রোড, মিরপুর ১০, ধানমন্ডীসহ রাজধানীর বিভিন্ন অলিগলির দেয়ালে এই পোস্টার দুটি দেখা গেছে। তবে কখন তারা এসব পোস্টার লাগিয়েছে কেউ বলতে পারছেন না।

[৬] ২০০১ সালে দেশে প্রথম সাংগঠনিক কার্যক্রম শুরু করে হিযবুত তাহরীর। ২০০৯ সালে দেশে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করে আওয়ামী লীগ সরকার। সম্পাদনা: সালেহ্ বিপ্লব